জয়পুরহাটে ডাকাতি হওয়া ২টি মোটরসাইকেলসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানান পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম।
গ্রেফতারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ঠপুর গ্রামের শহীদের ছেলে সাকিব, রাজকান্দা গ্রামের আ: সাত্তারের ছেলে বুলবুল, পূর্ব আমুট্র গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহিন, রাজকান্দা গ্রামের ফেরদৗসের ছেলে ফিরোজ, শ্রীকৃষ্ঠপুর গ্রামের মনতাজের ছেলে খোকন, আবু কালামের ছেলে সুরুজ হোসেন ও তোজামের ছেলে সোহেল।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩০ জুলাই আক্কেলপুর উপজেলার কেসের মোড় এলাকা থেকে সুলতান মাহমুদের মোটরসাইকেল ছিনিয়ে নেয় ডাকাতেরা। চলতি মাসের ৫ তারিখে আওয়ালগাড়ি এলাকা থেকে আলম হোসেন মোল্লার মোটরসাইকেল ও কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনতাই হলে তারা আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। আক্কেলপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল তদন্ত করে পাবনা জেলা থেকে মোটরসাইকেল দুটি উদ্ধারসহ ছিনতাই ও ডাকাতির সাথে যুক্ত সাতজনকে গ্রেফতার করে। আসামিরা মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে।
পুলিশ জানায়, চলতি মাসের ২৭ তারিখ রাতে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মালিহা পোল্ট্রি ফার্ম এলাকায় একদল ডাকাত সঞ্জয় কুমার নামের একজনের মোটরসাইকেল ছিনতাই ও ডাকাতির চেষ্টাকালে সঞ্জয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে সাকিব ও বুলবুল নামের দু ডাকাতকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে এবং তাদের দেয়া তথ্যমতে বাকি আসামিদের গ্রেফতার ও মোটরসাইকেল দুটি উদ্ধার করে।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান মনিরসহ পুলিশের অন্য কর্মকর্তাবৃন্দ।



