জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের মামলা তুলে নিতে বাদী ও তার স্বজনদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জোবাইল ওই গৃহবধূকে ধর্ষণ করার পরে ভুক্তভোগী বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করেন। জোবাইল এলাকায় প্রভাবশালী হওয়ায় বাদী ও তার স্বজনদের হত্যার হুমকি দিয়ে আসছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না ভুক্তভোগী ও তার স্বজনরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বাদী বাড়িতে একা থাকা অবস্থায় পার্শ্ববর্তী বাড়ির জোবাইল বাড়িতে ঢুকে মুখে গামছা বেঁধে বাদিকে একা পেয়ে তাকে ঘরের ভেতরে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে একথা প্রকাশ করলে তাকে জানে মেরে ফেলার হুমকি দেন ধর্ষক। এর প্রেক্ষিতে ২৪ আগস্ট ধর্ষিতা নিজেই কালাই থানায় উপস্থিত হয়ে ধর্ষক জোবাইলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

এলাকাবাসী তার বিরুদ্ধে আরো অভিযোগ করে বলেন, ইতোপূর্বে তার বিরুদ্ধে নারী ধর্ষণ ও অবলা পশুসহ বিভিন্ন ধরনের অনৈতিক কুকর্মের অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাহে আলমের সাথে কথা বলে জানা যায়, জোবাইলের বিরুদ্ধে ইতোপূর্বে আদালতে ধর্ষণ মামলা রয়েছে।