মেজর অবসরপ্রাপ্ত সিনহা মো: রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের নির্যাতিত জনগণসহ কয়েকটি মানবাধিকার ও সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়ায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ পুলিশের বন্দুক যুদ্ধে নিহত হওয়া পরিবারের সদস্য এবং ওসি প্রদীপসহ অন্য পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশ নেন। এতে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফাসহ পুলিশের নির্যাতনের শিকার ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া এতে নিহত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মো: রাশেদ খানের মা সিনহা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে ঢাকা থেকে মোবাইলে দেয়া বক্তব্য মাইকে প্রচার করা হয়।

মানববন্ধনে সিনহা হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, সিনহা হত্যাকাণ্ডে শুধুমাত্র ১০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অথচ এ ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপারসহ আরো অনেক পুলিশ সদস্য জড়িত। তারা এখনো জেলা পুলিশে এবং টেকনাফ থানায় স্বপদে বহাল রয়েছে। পুলিশ সুপারসহ জড়িত পুলিশ সদস্যরা সিনহা হত্যার ঘটনার তদন্তে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ বক্তাদের।

বক্তারা জানান, দায়ী পুলিশ সদস্যরা এখনো বিভিন্ন সাধারণ মানুষকে নানা হুমকি দিয়ে যাচ্ছে। বক্তারা পুলিশ সুপারসহ জড়িত পুলিশদের শাস্তি নিশ্চিত করে তাদের অবিলম্বে কক্সবাজার থেকে প্রত্যাহার করার দাবি জানান। বক্তারা গত দু বছরে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত এবং নির্যাতনের ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান।