নোয়াখালীর চাটখিলে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এর চালক ফজলুল হক (৫১) নিহত হয়েছেন।
শুক্রবার রাতে চাটখিল বাজারস্থ ডাক বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ইলিয়াছ মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
শনিবার সকাল ১১টার দিকে চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চাটখিল বাজারস্থ ডাক বাংলা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের নিজের ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ফজুলল হক চাটখিল বাজারে একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি প্রতিদিনের ন্যায় রিকশা চালানো শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাসার পাশের একটি ঘরে অটোরিকশাটি চার্জে লাগানোর জন্য যান। দীর্ঘক্ষণ হয়ে গেলেও তাকে ফিরে আসতে না দেখে পরিবারের লোকজন ওই ঘরটিতে গিয়ে বিদ্যুতের লাইনে আটকে থাকা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন।



