নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধান ক্ষেত থেকে এক বৃদ্ধে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবারদুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালপাড় এলাকার একটি ধান ক্ষেত থেকে এ লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত জোহুরা খাতুন (৭০) উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছরক বাত্তি আলা বাড়ির মৃত সোনা মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে মো: ইলিয়াছ জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত তার মা ঘরেই ছিলেন। পরে পরিবারের সদস্যদের অজান্তে ঘর থেকে নিখোঁজ হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা নিহতের মরদেহ রামপুরের খালপাড় এলাকার ধান ক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার জানাজানি হলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের মায়ের লাশ শনাক্ত করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ বলছে, এ সময় নিহতের ব্যবহৃত গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং হাতের স্বর্ণের আংটি শরীরে পাওয়া যায়নি। তবে দুই হাতে ব্যবহৃত ইমিটেশনের চুড়িগুলো হাতেই ছিল।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে এসেছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।



