ব্রাক্ষণবাড়িয়া থেকে অপহৃত হওয়ার দুই দিন পর ১৯ মাস বয়সী শিশু মোঃ সিফাত মোল্লাকে পুলিশ নোয়াখালী থেকে উদ্ধার করেছে। শিশু সিফাত মোল্লা ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবপুর গ্রামের শিপন মোল্লার ছেলে।
মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ঘটনার জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের চর কাজী মোখলেছ গ্রামের নুরনবীর ছেলে আনোয়ার (২৫), একই এলাকার আবদুস শহীদের ছেলে ফারুক (৩৫)।
গত ৬ সেপ্টম্বর দুপুরের দিকে ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে শিশু অপহরণের এ ঘটনা ঘটে।
গতকাল রাত ১০টার দিকে সুবর্ণচর থানার পরিদর্শক (তদন্ত) মো: ইব্রাহীম খলিল শিশুটিকে তার মা লাকী বেগম ও বাবা শিপন মোল্লার হাতে তুলে দেন।
ভুক্তভোগী শিশুর পরিবার বলছে, অভিযুক্ত ফারুক ও তার স্ত্রী তাদের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করত। গত ৬ সেপ্টম্বর দুপুরের খাওয়ার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ফারুক ও তার স্ত্রী শিশু সিফাতকে নিয়ে পালিয়ে যান। শেষে শিশুকে হত্যার ভয় দেখিয়ে অভিযুক্তরা বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে দুই দফায় ছয় হাজার টাকা হাতিয়ে নেয়। পরে পুলিশ অভিযোগ পেয়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার এবং দু’জনকে আটক করে।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, এ ঘটনায় অপহরণ হওয়া শিশুর বাবা গত ৭ সেপ্টেম্বর আখাউড়া থানায় একটি অপহরণ মামলা করে। এই মামলার সূত্র ধরে শিশুটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে তার মা-বাবার হাতে তুলে দেয়া হয়। আটককৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।



