গাজীপুর মহানগরের পূবাইল থানা ছাত্রলীগ সভাপতির ফেন্সিডিল খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এবং কয়েকটি সংবাদ মাধ্যম এনিয়ে সংবাদ প্রকাশ করায় চটেছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ফেন্সিডিল খাওয়া ছবি প্রকাশ করার প্রতিবাদে বুধবার বিকেলে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

পূবাইল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত মেরাজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিভিন্ন ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ নেতাকর্মীরা অংশ নেন। মিরের বাজার বাইপাস চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে সমাবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় তারা বক্তৃতায় বলেন, স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির হাতকে দুর্বল করতে একটি মহল পরিকল্পিতভাবে পূবাইল থানা ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ফেনসিডিল সেবনের আলোচিত ভিডিওটি এডিট করে ফেসবুকে ছাড়া হয়েছে বলেও তারা দাবী করেন।

উল্লেখ্য, গাজীপুর মহানগরীর পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন মৃধা ওরফে টুটুল ও মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশফাকুজ্জামান দুদুলের ফেন্সিডিল সেবনের ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এতে দেখা যায়, লুঙ্গি পরিহিত একজন মাদক কারবারির হাত থেকে ফেন্সিডিলের বোতল এনে ছাত্রলীগ সভাপতি টুটুল সেটি খাচ্ছেন করছেন। পরে তিনি বোতলের অবশিষ্ট তরল ফেন্সিডিল তার পাশে থাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি দুদুলকে দিলে তিনিও অবশিষ্ট খেয়ে নেন। এরপর একই রাস্তা দিয়ে দু’জনেই হেটে চলে যান।

এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি টুটুল মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত রেজাল্টে আমার ফাস্ট ক্লাস, মাঝে অনার্সে শুধু সেকেণ্ড ক্লাস। ষড়যন্ত্রকারীরা আমার কেরিয়ার ধ্বংস করার জন্যই এবং আমার নেত্রী চুমকি আপাকে বিতর্কিত করতেই পরিকল্পিতভাবে একটি ভিডিও এডিট করে ফেসবুকে ছেড়েছে।