কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমানকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের মৃত মো: আবদুল মন্নাফের ছেলে এবং জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।
পুলিশ ও স্বজনরা জানান, দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষ ফজলু মিয়া গংয়ের সাথে সিদ্দিকুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। জমি নিয়ে বেশ কয়েকবার দফায় দফায় সালিস-দরবারেও কোনো মীমাংসা হয়নি। বুধবার রাত ৯টার দিকে চরনোয়াকান্দি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে সিদ্দিকুর রহমানের ওপর ফজলু মিয়া ও তার দলবল হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে।
পরে এলাকাবাসী আহত ইউপি সদস্যকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে ঘটনার পর থেকে হামলাকারী পলাতক রয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।



