নিজ বাড়িতে গ্রাম্য আদালত বসিয়ে বিচারের নামে এক মাদরাসা শিক্ষক এবং নারী-শিশুকে পিটিয়ে মারাত্মক আহত করার ঘটনায় অবশেষে সাময়িক বরখাস্ত হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল সকালে দেবিদ্বার উপজেলার বেতরা গ্রামের গৃহবধূ আমেনা আক্তারের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রাম পুলিশ পাঠিয়ে ওই গৃহবধূর স্বামী মাদরাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমানকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার বাড়িতে ডেকে নেন। পরে বিচারের নামে ওই শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করেন চেয়ারম্যান।



