নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ছয় বছরের সাজা পাওয়া পলাতক তিন আসামিকে পুলিশ আটক করেছে। বুধবার দুপুর ৩টায় আটককৃত আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠনো হয়েছে। একই দিন সকাল ১১টার দিকে পুলিশ উপজেলার মুছাপুর ইউনিয়ন ও চরপার্বতী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার মফিজ উল্যার ছেলে মমিন উল্যাহ সোহাগ (৩৮)। নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন- চরপার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুসুম কুমার মজুমদারের ছেলে স্বপন মজুমদার (৩৫), হরি মহনের ছেলে কুসুম কুমার মজুমদার (৪০), মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রংমালা এলাকার মৃত বেচারাম মজুমদারের ছেলে প্রহল্লাদ মজুমদার (৫০)।
জানা যায়, বুধবার সকালে থানার ওসি মো: আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান, এএসআই আজিম উদ্দিন, গণেশ্বর তং চঙ্গা, ফরিদ উদ্দিন অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান বলেন, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



