জয়পুরহাটে স্ত্রী তানজিলাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী বাবুল সরকারকে (৫০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাবুল সরকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, প্রায় এক যুগ আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতাইশ মঞ্চিল (মালঞ্চা) এলাকার তমেজ উদ্দিনের মেয়ে তানজিলার সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে বাবুল সরকারের বিয়ে হয়। বিয়ের পর তালজিলা গার্মেন্টের চাকরির টাকা দিয়ে তার বোনের বাড়ি রাধাবাড়ি এলাকায় চার শতক জমি কিনে একটি বাড়ি তৈরি করেন। তারা স্বামী-স্ত্রী মাঝে মধ্যেই সেই বাড়িতে বেড়াতে আসত। পরে সেই বাড়ি বিক্রিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জেরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে সবার অগোচরে স্ত্রীকে বালিশ দিয়ে শ্বারোধ করে হত্যা করে স্বামী বাবুল।



