অবশেষে কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে বদলি করা হয়েছে। একই সাথে পুলিশের আরো পাঁচ কর্মকর্তাকে বদলি করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন মতে, মাসুদ হোসেনকে কক্সবাজার থেকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অপর দিকে কক্সবাজার জেলার এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঝিনাইদহ জেলার এসপি হাসানুজ্জামানকে।
কক্সবাজারে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের ১১ জন সদস্য গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এই ঘটনায় কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের বিরুদ্ধে দায়িত্বহীনতাসহ নানা অভিযোগ ওঠে।
বদলির আদেশপ্রাপ্ত পুলিশের অন্য কর্মকর্তাদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো: মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো: শহিদুল্লাহকে ডিএমপি সদর দফতরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।