গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে এক পক্ষের বিক্ষোভ মিছিল ও অপর পক্ষের আনন্দ মিছিলে টঙ্গীর রাজপথ প্রকম্পিত হচ্ছে এবং সেই সাথে এলাকায় উত্তেজনা বাড়ছে। সরকারি দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে স্থানীয় প্রশাসন। কমিটি বাতিলের দাবিতে দুই দফা সড়ক অবরোধও করেছে পদবঞ্চিতরা।
মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে প্রত্যাশিত পদবঞ্চিত সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরা। বিকেল ৫টা থেকে প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগের শিকার হন শত শত পরিবহন যাত্রী। স্থানীয় ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সাবেক ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টায় টঙ্গী চেরাগ আলী ট্রাক টার্মিনাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা সদস্য ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে কমিটি বাতিল করে পুনর্গঠনের দাবিতে বিভিন্ন সেøাগান দেয়। অপর দিকে সদস্য ঘোষিত ওয়ার্ড কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মহাসড়কের বিপরীত পাশে ৪৮ নম্বর ওয়ার্ড থেকে একটি আনন্দ মিছিল বের হয়। নয়া কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



