কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কাঠমিস্ত্রি আদম আলী হত্যা মামলায় করিম মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের ছেলে করিম মিয়ার সাথে কাঠমিস্ত্রির কাজ করত একই এলাকার আবেদ আলীর ছেলে আদম আলী (১৯)। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে বচসার একপর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার একমাত্র আসামি করিম মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।