সিরাজগঞ্জের কাজিপুরে মাত্র এক মিনিট স্থায়ী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পাশাপাশি তিন গ্রামের অন্তত ৫০ পরিবার। মঙ্গলবার বেলা সোয়া ৩টায় এই ঝড় বয়ে যায়। এর আগে থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলোÑ চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি, হাটশিরা ও লক্ষ্মীপুর।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লøা ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল তিনটি গ্রামের ক্ষতিগ্রস্তদের দেখতে যান।
ঝড়ে ঘর উড়ে যাওয়া রেজাউল করিম জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পশ্চিম দিক থেকে ঝটকা বাতাস এলো। কিছু বুঝে ওঠার আগেই তার মাথার ওপর থেকে ঘরের চালা উড়ে গেছে। মুহূর্তের ঝড়ে বেশ কিছু গাছাপালা উপড়ে পড়েছে। বেশ কিছু সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।
কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, সরেজমিন ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে গেলেন। তালিকা করে তাদের সহায়তা দেয়া হবে।