কোভিড-১৯ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা, আয়-রোজগার ও উপার্জনের ক্ষেত্রে ব্যাপক মাত্রায় ক্ষতি দেখা দিয়েছে। এর ফলে পর্যটন শহর কক্সবাজার শহরসহ বিভিন্ন উপজেলায় দেখা দিয়েছে খাদ্য নিরাপত্তাহীনতা। বিশ্ব খাদ্য কর্মসূচির সাম্প্রতিক জরিপে এই তথ্য জানা গেছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির কক্সবাজার অফিস থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর জরিপের পর তাদের একটি মূল্যায়নে দেখা গেছে, কক্সবাজার সদর ও কক্সবাজার শহরের প্রায় অর্ধেক জনগণ খাদ্য বিষয়ক ঝুঁকির সম্মুখীন এবং কোভিড-১৯ মহামারীর সময়ে জীবিকা ও উপার্জনে ব্যাপক মন্দার কারণে এসব মানুষকে খাদ্য জোগাড় করতে বেশ কষ্ট করতে হয়েছে। দেশের প্রধান পর্যটন স্পট হিসেবে কক্সবাজার শহরে এটির বেশ বড় প্রভাব পড়বে বলে এই জরিপে উঠে এসেছে।