বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক এমপি বাহাউদ্দিন নাসিম ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের মা নুরজাহান বেগম করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মরহুমার ছেলে মেয়র খালিদ হোসেন ইয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরজাহান বেগম কিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। এক সপ্তাহের বেশি নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শুক্রবার সকালে তিনি মারা যান।

আট সন্তানের জননী নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নগর্ভা নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। তার একান্ত প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর মাদারীপুরে তার নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।