কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে সিগাল হোটেল-সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।
মাহমুদ ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (তৃতীয় কলোনি) মাহমুদুল হোসাইনের ছেলে।
ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সিগাল হোটেল-সংলগ্ন সাগরে ভাটার সময়ে গোসলে নামে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে ভাটার টানে হারিয়ে যায় ফাতীন ইতমাম মাহমুদ। পরবর্তী সময়ে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ইউডি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।