ঢাকা-আরিচা মহাসড়কসহ আন্তঃজেলা রুটে পরিবহন যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া সক্রিয় এক দুষ্কৃতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের আব্দুল আজিজ চৌধুরীর ছেলে রাজ্জাক চৌধুরী (৩৫) ও তার ভাই ফারুক চৌধুরী (৪০), রাজবাড়ী সদর থানার আলাদীপুরের মৃত হয়রত মিয়ার ছেলে সাগর (৪২), টাঙ্গাইল নাগরপুর উপজেরার আটিয়া উলাইল গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আনিসুর রহমান (২৭) এবং পটুয়াখালীর দুমকি উপজেলার বেলায়েত হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫৮)। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। সম্প্রতি এ চক্র স্থানীয় আতোয়ার নামের এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা লুটে করে নিলে তার অভিযোগের প্রেক্ষিতে এ চক্রকে আটক করে পুলিশ।

শিবালয় থানা পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর ব্যবসায়ী আতোয়ার আড়াই লাখ টাকা নিয়ে উপজেলার বরংগাইল বাসস্ট্যাণ্ড থেকে লাক্সারী পরিবহনে মানিকগঞ্জ যাচ্ছিলেন। পথমধ্যে দুষ্কৃতকারীদের একজন ওই গাড়িতে হকার সেজে তাকে ব্যথার ওষুধ খাওয়ালে তিনি অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে দুষ্কৃতিকারীরা তার সর্বস্ব লুট করে পালিয়ে যায়। এ বিষয়ে উক্ত ব্যবসায়ী শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এমন অভিযোগের প্রেক্ষিতে শিবালয় থানা পুলিশ পরির্দশক (তদন্ত) আশিষ কুমার স্যানাল ও এসআই রুবেল ফোর্সের সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতকারী অজ্ঞান পার্টির চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির সাংবাদিকদের জানান, মলম বা অজ্ঞান পার্টির ওই চক্রটি দীর্ঘ দিন যাবৎ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রীদের লুট করে আসছে। অবশেষে পুলিশের জালে তারা ধরা পড়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর আদালতে প্রেরণ করা হয়েছে।