লক্ষ্মীপুরের রামগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামের এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যপারে শিশুটির মা রামগঞ্জ থানায় মামলা দায়েরের পর রোববার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের বৈরাগী বাড়ির রিকশাচালক বিল্লাল হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির মা স্থানীয় লোকজনকে জানালেও কোনো প্রতিকার পায়নি। পরে রোববার দুপুর দেড়টায় ঘরে কেউ না থাকার সুযোগে বিল্লাল হোসেন শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে ঢেকে নিয়ে আবারো ধর্ষণের চেষ্টা করে।

দীর্ঘক্ষণ ধরে ঘরে না আসায় শিশুটির মা তাকে খুঁজতে বের হলে বিল্লালের বসতঘর থেকে চিৎকারের আওয়াজ পেলে স্থানীয় লোকজনকে ডেকে আনে। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে বিল্লাল হোসেন পালিয়ে চলে যায়।

পরে রাত ১২টার দিকে শিশুটির মা রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র দাস ও এস আই ইভা সাহা একদল পুলিশ রায়পুর উপজেলার একটি গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করতে সক্ষম হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইভা সাহা জানান, আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। গ্রেফতার হওয়া বিল্লাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর জবানবন্দি নিয়ে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে।