কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আলম জিকু (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে গত রোববার রাত সাড়ে ১১টায় তিনি মারা যান। কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক জিকু চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুল পাড়ার বাসিন্দা মরহুম হাজী নজু মিয়ার ছেলে এবং সাংসারিক জীবনে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের ছাত্র জিকু কক্সবাজার কর্মাস কলেজেরও পরিচালক ছিলেন। গতকাল সোমবার জোহরের পর নামাজে জানাজা শেষে তাকে মেদা কচ্ছপিয়ার স্কুলপাড়া এলাকায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।