নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদরাসার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছেন তারই আপন চাচাতো ভাই। সোমবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ছাত্রীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক চাচাতো ভাই রাব্বি পলাতক রয়েছে।

মামলার এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া জেলে পাড়া এলাকার তারই আপন ভাইয়ের ঘরে সোমবার রাতে তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে সে ঘুম থেকে উঠে না আসায় তার বড় বোন তাকে ডাকতে গেলে দেখেন তার ছোট বোন খাটের উপর বিবস্ত্র আহত অবস্থায় পড়ে আছে। পরে বড় বোন ঘটনাটি বুঝতে পেরে পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার পর মেয়েটি সুস্থ হলে জানতে পারে সোমবার রাতে যখন সে ঘুমিয়ে পড়ে তখন তার চাচাতো ভাই রাব্বি (২২) জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় সে অসুস্থ হয়ে পড়লে রাব্বি পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা শুনার পর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে বাড়ি থেকে তার পরিবারের লোকজনকে ডেকে এনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছি। তিনি আরো জানান, আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।