তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেছেন, সমাজে নৈতিকতার চরম পতন লক্ষ্য করা যাচ্ছে। নৈতিকতার এই পতন ঠেকানো না গেলে আমাদের জন্য আরো ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।

তিনি বলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রচলিত কারিকুলামে পাঠদানের পাশাপাশি কুরআন-হাদিসের আলোকে শিক্ষার্থীদের নৈতিকতার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য নৈতিকতা সম্পন্ন সৎ ও যোগ্য সুনাগরিক তৈরি করাই তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি মঙ্গলবার টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বালিকা শাখায় আলিম প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা সাঈদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বালিকা শাখার ইনচার্জ সুমাইয়া ইয়াসমিন-সহ আলিম শ্রেণীর সকল শিক্ষিকা, ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মাওলানা যাইনুল আবেদীন আরো বলেন, একজন ঈমানদারের জন্য কুরআন-হাদিসের জ্ঞান অর্জন করা অবশ্যই কর্তব্য। কুরআন-হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমাদের ওপর একের পর এক বিপর্যয় নেমে আসছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান বলেন, অনলাইন ক্লাশে অংশ নেয়ার সঠিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে এবং ইন্টারনেট ব্যবহারের ফলে শিক্ষার্থীরা যেন বিপৎগামী না হয় সেসব বিষয়ে সতর্ক করতেই এই ওরিয়েন্টশন ক্লাশের আয়োজন করা হয়েছে। অনলাইন ক্লাশে অংশ নেয়া ছাড়া শিক্ষার্থীরা যাতে ইন্টারনেটে প্রবেশ করতে না পারে সেজন্য তিনি অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, মাদরাসা শিক্ষা বোর্ড টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম শ্রেণীতে ভর্তির জন্য ১ হাজার ৫৭০ জন শিক্ষার্থীর কোটা নির্ধারণ করে দিয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৫৭০ জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা আরো অনেক শিক্ষার্থীর চয়েজে থাকা সত্বেও ইতোমধ্যে নির্ধারিত কোটা পূরণ হয়ে যাওয়ায় তাদেরকে ভর্তি করা সম্ভব হয়নি।