তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেছেন, সমাজে নৈতিকতার চরম পতন লক্ষ করা যাচ্ছে। নৈতিকতার এই পতন ঠেকানো না গেলে আমাদের জন্য আরো ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। তিনি বলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রচলিত কারিকুলামে পাঠদানের পাশাপাশি কুরআন-হাদিসের আলোকে শিক্ষার্থীদের নৈতিকতার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য নৈতিকতা সম্পন্ন সৎ ও যোগ্য সুনাগরিক তৈরি করাই তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্যে।
তিনি মঙ্গলবার টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বালিকা শাখায় আলিম প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা সাঈদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বালিকা শাখার ইনচার্জ সুমাইয়া ইয়াসমিনসহ আলিম শ্রেণীর সব শিক্ষিকা, ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।



