নারীর নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি নিয়ে লক্ষ্মীপুরে সম্মিলিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ‘নিরাপদ থাকুক সকল মা-বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ ও নিযার্তন’ এই স্লোগানে বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ধর্ষকরা বাংলা ছাড়, আমার বোন ধর্ষিতা কেন, প্রশাসন জবাব চাই এসব লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।
মানববন্ধনে লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ সারাদেশের নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন ওই পরিষদের জেলা শাখার আহ্বায়ক শাহেদ সরোয়ার, যুগ্ম আহ্বায়ক ইউসুফ, সদস্য মনি, অনু, মারুফ জাকির, ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষকদের কোনো দলীয় পরিচয় নেই, ধর্ষক শুধুই ধর্ষক। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তারা। এ দাবির সাথে একমত হয়ে সকল দলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।



