দিনাজপুরের হিলিতে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টা অভিযোগে রফিকুল ইসলাম (২৬) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এ দণ্ডাদেশ দেন।
গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পাইক পাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
ওই ছাত্রী জানায়, বুধবার দুপুরে পাইকপাড়া গ্রামে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি আসার সময় রাস্তায় রফিকুল ইসলাম তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী পালিয়ে নিজ বাড়িতে এসে মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে।
স্কুল ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।



