শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক ইউনিয়ন কৃষক লীগের সভাপতির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিয়োগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাকরকান্দি ইউনিয়ন কৃষক লীগ সভাপতি হারুন মণ্ডলের বাড়িতে ভুক্তভোগী শিশু (১০) গৃহপরিচারিকার কাজ করত। ওই গৃহপরিচারিকাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে হারুন। পরে শিশুটি কাজ বাদ দিয়ে নিজের বাড়িতে চলে আসে। নিজ বাড়িতে আসার কয়েক দিন পর তার ভাই ও ভাবী তাকে ফের হারুনের বাড়িতে কাজের জন্য যেতে বলে। তখন শিশুটি তার ভাবীকে ধর্ষণের বিষয়টি জানায়। এরপর বিষয়টি জানাজানি হয়। পরে ওই শিশুর পরিবারের লোকজন হারুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য হারুন গোপনে একটি সালিশ ডাকেন। সালিসে ওই শিশুর পরিবারের লোকজন নিয়ে আসা হয়। পরে বিষয়টি কাউকে না জাননোর শর্তে কিছু টাকা জরিমানা দেন তিনি। তবে সালিশের সপ্তাহখানেক পর বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এবং অভিযুক্ত হারুনসহ এর সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।