অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মাকে আদালতে সোপর্দ করেছে তদন্তকারী সংস্থা র্যাব।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম।
তিনি জানান, সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। র্যাবের পক্ষ থেকে আজ নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। তবে পরে প্রয়োজন হলে তাকে আবারো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হতে পারে।
গত ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এর আগে গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি তদন্তভার দেয়া হয় র্যাবকে। ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের সাত সদস্য। গত এক মাসে র্যাব এপিবিএন’র তিন সদস্য, পুলিশের মামলার তিন সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। ১২ জন আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।



