মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। পরে পুলিশ অভিযুক্ত ধর্ষক বিশ্বজিৎ বৈদ্যকে গ্রেফতার করে।
অভিযুক্ত বিশ্বজিৎ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দাসুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি গ্রামের উপানন্দ বৈদ্যের ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার ওই কলেজছাত্রীর সাথে বিশ্বজিৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছিল। বিশ্বজিৎ ওই মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিলেন।
গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাড়িতে দেখা করতে যান তিনি। এসময় বাড়িতে কোনো লোক না থাকায় বিশ্বজিৎ তাকে ধর্ষণ করেন। এরপর সকালে ওই কলেজছাত্রী এ ঘটনা বাড়ির লোকজনকে জানালে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষক বিশ্বজিৎকে আটক করে বুধবার রাতে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে নির্যাতিতার বাবা ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিন রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে বিশ্বজিৎ তাকে ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ওই কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার বাবা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ও গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



