নোয়াখালীর সুবর্ণচরে নুর জাহান বেগম (৫৭) নামে এক নারীকে পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় তার শরীরের খণ্ডিত আরো তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডে পিছনের একাধিক ধানক্ষেত থেকে নিহতের শরীরে খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
এর আগে বুধবার দুর্বৃত্তরা নৃশংসভাবে ওই নারীকে পাঁচ টুকরো করে কেটে হত্যা করে বিভিন্নস্থানে তার শরীরের অঙ্গগুলো ছড়িয়ে রেখে চলে যায়।
উদ্ধারকৃত শরীরের অংশগুলোর মধ্যে রয়েছে, গলা থেকে বুকের অংশ ও দু’টি পা।
নিহত নারী উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার বা রহস্য উদঘাটন করতে পারেনি।
চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহত নারীর লাশের দুই টুকরো বুধবার বিকেলে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে সকালে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খণ্ডিত দু’টি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বুধবার রাতে অজ্ঞাত আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডে পিছনের একটি ধান ক্ষেত থেকে ওই নারীরে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে হুমায়ুন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে একটি লাশের টুকরো অংশ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আমি লাশের পাশে শামুকের ব্যাগ দেখে, আমি শনাক্ত করি এটি আমার মায়ের লাশ।
এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমীর মাওলানা আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা জামায়াতের নায়েবে আমীর ইসহাক খন্দকার, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, সুবর্ণচর উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন। বিবৃতিতে তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



