বাগেরহাটের চিতলমারীতে বাকিয়ার শিকদার (২২) নামের এক ভ্যানচালককে বেঁধে হাতুড়িপেটা করেছে মঞ্জুর বিশ্বাস নামে এক ব্যক্তি। গত বুধবার রাতে গ্রামবাসী আহত ভ্যানচালককে উদ্ধারের পর চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নির্যাতনের শিকার মোক্তার শিকদার বলেন, সম্প্রতি বন্যায় আমাদের পাটরপাড়া গ্রামের সমস্ত মাছের ঘের ডুবে যায়। এরপর থেকে পাশাপাশি ঘের থাকার কারণে একই গ্রামের মৃত রুঙ্গু বিশ্বাসের ছেলে মঞ্জুর বিশ্বাস অনৈতিকভাবে আমাদের ঘেরের মাছ দাবি করে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক হয়। বৈঠকে মঞ্জুর বিশ্বাস লাঞ্ছিত হন। সেই রাগে বুধবার রাতে আমার ছোট ভাই বাকিয়ারকে বাড়িতে ডেকে নিয়ে জানালার গ্রিলে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মম নির্যাতন করে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেন, এ ধরনের অভিযোগ এখনো আমি পাইনি। অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



