দিনাজপুরের ফুলবাড়ীতে হাছেন বাবু (৩২) নামে এক রিকশা-ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর মাঠের ধানক্ষেতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা খবর দিলে শুক্রবার সকাল ১০টায় বলিভদ্রপুর ধানক্ষেত থেকে রিকশা-ভ্যানচালক হাছেন বাবুর লাশ উদ্ধার করে পুলিশ। সে সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাছান মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভ্যানচালক হাছেন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিক তদন্তে নিহত হাছেন বাবুর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।
হাছেন বাবুর বোন রশিদা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলে হাছেন বাবু ভ্যান নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। পরের দিন শুক্রবার সকালে তারা লোকমুখে খবর পেয়েছেন হাছেন বাবুকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।
হাছেন বাবুর চাচা রফিকুল ইসলাম বলেন, তার বড় ভাই আব্দুর রশিদের দুই ছেলে এক মেয়ের মধ্যে হাছেন বাবু মেজো। হাছেন বাবুর বড় ভাই ইয়ানুর গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, মেয়েটি স্বামীর ঘর ছেড়ে এখন বাবার বাড়িতে বসবাস করছে। সংসারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি ছিল হাছেন বাবু।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।



