জয়পুরহাটের কালাই পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল নৌকা মার্কা নিয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন সাত হাজার পাঁচ শ’ ৬১ ভোট। জেলা বিএনপি’র সদস্য ও বিএনপি’র মনোনীত প্রার্থী মো. আনিছুর রহমান তালুকদার ধানের শীষ মার্কায় পেয়েছেন ছয় শ’ ছয় ভোট এবং স্বতন্ত্রপ্রার্থী মো. মামুনুর রশিদ নারিকেল গাছ মার্কায় পেয়েছেন ৯৬ ভোট।
শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কালাই উপজেলা পরিষদ হল রুম থেকে জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, কালাই পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ওই পৌরসভার মোট ১৩ হাজার পাঁচ শ’ ২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন আট হাজার দুই শ’ ৬৩ জন। ভোট দেয়ার হার ৬১.১১ শতাংশ।
অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী আনিছুর রহমান তালুকদার তার এজেন্টদেরকে নৌকা সমর্থকরা বের করে দেয়ার অভিযোগ করেছেন। এসব অনিয়মের অভিযোগে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন আনিছুর রহমান তালুকদার।



