তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন বলেছেন, চলমান করোনা মহামারী আমাদের জন্য একটি বড় পরীক্ষা। এ সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত দেশগড়ার আগামী দিনের কাণ্ডারিরা। পরীক্ষামুখী শিক্ষাব্যবস্থায় পরীক্ষাগুলো না হওয়ার কারণে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে। বিকল্প যে ব্যবস্থা করা হচ্ছে তা কোনোভাবেই ভালো বিকল্প নয় এবং এতে চাহিদার সিকিভাগও পূরণ হচ্ছে না।
দেশের শীর্ষস্থানীয় দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে গতকাল শনিবার আলিম প্রথম বর্ষের সাধারণ বিভাগের ছাত্রদের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা নূরুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহতাব উদ্দিন, ছাত্র প্রতিনিধি খাইরুল আনাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হুসাইন আল আজহারী, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মুনির আহমাদ খান, মাওলানা আবুল কালাম, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ড. মুহাম্মাদ সালমান, মো: ইসহাক আলী, মাওলানা মাসুম বিল্লাহ মাদানি, মাওলানা আব্দুল কাইয়ুমসহ শিক্ষকরা।
অনুষ্ঠানে জানানো হয়, চলমান করোনাকালেও টঙ্গী তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসায় সর্বোচ্চসংখ্যক ছাত্র ভর্তি হয়েছে। এবার ভর্তিকৃত এক হাজার ৫৭০ জনের মধ্যে সাধারণ বিভাগে ৯৯০ ও বিজ্ঞান বিভাগে ৫৮০ জন ভর্তি হয়েছে। এ বিশালসংখ্যক ছাত্রকে করোনাকালীন সময়ে শিক্ষাকার্যক্রমের বিষয়ে অভিহিত করা, শিক্ষকমণ্ডলীর সাথে পরিচিত হওয়া ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যাবলী নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সাধারণ বিভাগের ছাত্রদের নিয়ে এ ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।



