চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালবোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোবারক হোসেন (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া এলাকার মহেশপুর গ্রামে। নিহত মোবারক হোসেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কার্যালয়ের ঢলু বিট কার্যালয়ের ফরেষ্টার হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ফরেষ্টার মোবারক হোসেন নিজ কার্যালয় থেকে মোটরসাইকেল যোগে দোহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মহাসড়কের নয়াখাল নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোবারক হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরে পুলিশ এসে নিহত মোবারক হোসেনের লাশ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত জানান, দুর্ঘটনার পরপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।