ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’দলের মধ্যে সঙ্ঘর্ষ হয়েছে। ওই সঙ্ঘর্ষে সুফিয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নরে ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ভাটবাড়িয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। এছাড়াও আরো পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে দীর্ঘ দিন যাবৎ বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলে আসছে। তার জের ধরে ভাটবাড়িয়া গ্রামে টিপু সমর্থক আজিবর মেম্বার ও মামুন সমর্থক আফজাল বিশ্বাসের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিরাজমান উত্তেজনাকে কেন্দ্র করে মামুন গ্রুপের সমর্থকরা সোমবার ভোরে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

এ ব্যাপারে জুলফিকার কায়সার টিপু জানান, এলাকায় যাতে এরকম ঘটনা আর না ঘটে সে জন্য সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সুফিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ আটক করেছেন। এছাড়াও হত্যা পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ওই ঘটনায় থানায় এখনো মামলা দয়ের হয়নি ।