নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোহার শাবলের আঘাতে রুবেল মোল্লা (৩০) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৩টায় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রুবেল মোল্লা পুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরসুজাপুর গ্রামের জালাল মোল্লার ছেলে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাশাপাশি থাকা জমির সীমানা নিয়ে প্রতিপক্ষ জামাল উদ্দিনের ছেলে মামুন ভুঁইয়ার (৩২) সাথে আওয়ামী লীগ নেতা রুবেল মোল্লার বিরোধ চলছিল। জমির এই বিরোধ মীমাংসার জন্য দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশ বসে। সালিশে বিচারকরা দু’পক্ষের জমির দলিলপত্র দেখে সীমানা নির্ধারণ করে সিদ্ধান্ত দিয়ে সালিশ শেষ করে চলে যান।

পরে সিদ্ধান্ত অনুযায়ী কখন স্থাপনা সরিয়ে নেয়া হবে তা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রুবেল মোল্লা তাদের থামাতে গেলে প্রতিপক্ষ মামুন ভুঁইয়া লোহার শাবল দিয়ে রুবেল মোল্লার গলায় আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেল মোল্লাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় হত্যায় ব্যবহৃত লোহার শাবল উদ্ধার করা হয়।