চাঁদপুরে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নির্দেশনায় নদীতে কোস্টগার্ডের তৎপরতায় এক জেলেকে আটক করা হয়েছে।

বুধবার সকালে শাহিন মাঝী (৩৫) নামে ওই জেলেকে আটক করা হয়। তিনি মতলব উত্তরের ছেঙ্গাছর বাজারের মিছির আলির ছেলে।

এসময় তার থেকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ হাজার মিটার বেড়জাল জব্দ করা হয় বলে জানা গেছে।

কোস্টগার্ড চাঁদপুরের নির্বাহী কর্মকর্তা শহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড, ফিসারি ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। মোহনা হতে শুরু করে আমিরাদ, লগ্গীমারারচর, কাঁচিকাটা, সুরেশ্বর, রাজরাজেশ্বর এলাকাসমূহে টহল দেয়া হয়। এ সময় মাঝি ও জেলেদের উপস্থিতি কম পরিলক্ষিত হয় এবং বিভিন্ন চরে মাঝিদের উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনা করা হয়।

তিনি আরো জানান, অভিযান পরিচানাকালীন সময়ে কোস্টগার্ড কর্তৃক আমিরাবাদ এলাকায় একজন জেলেকে আটক হয়। তার কাছ থেকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ হাজর মিটার বেড়জাল জব্দ করা হয়েছে।

পরে নির্বাহী ম্যাজেস্ট্রেট অলিদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় ওই জাল চাঁদপুর মোলহেডে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। কাঠের নৌকাটি ফিসারির কাছে হস্তান্তর করা এবং আটককৃত জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এমসিপিও (এক্স) মৎস সম্প্রসারণ কর্মকর্তা ফারুক আহমেদ।