লক্ষ্মীপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে কামরুন নাহার সাথী (৪) ও সুমাইয়া আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

বুধবার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী একই এলাকার রিকশাচালক কামাল হোসেনের মেয়ে ও সুমাইয়া মাছ ব্যবসায়ী সেলিমের মেয়ে। একসাথে দুই মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পুকুরের পাশে সাথী ও সুমাইয়া খেলছিল। হঠাৎ করে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো: আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মারা গেছে।