গাজীপুর মহানগর বিএনপি ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামছে। গতকাল বিএনপি দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম টঙ্গীতে একটি দোয়া মাহফিলে শরীক হলে সেখানে উপস্থিত মহানগর বিএনপি নেতারা তার নির্বাচনী প্রচারণায় মহানগরের সব ইউনিটকে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিনসহ জেলা ও মহানগ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসান উদ্দিন সরকার প্রতিষ্ঠিত টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হজরত মুহাম্মদ (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর রোগমুক্তি দিবস ‘আখেরি চাহার সম্বা’ উপলক্ষে গতকাল এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলের খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা সবাই নির্যাতনের যাঁতাকলে পিষ্ট হয়ে আছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
এ দিকে দলীয় প্রার্থীর আগমনের খবর পেয়ে দোয়া অনুষ্ঠানে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। এ সময় অন্যদের মধ্যে সেখানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কামিটির অন্যতম সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর মহানগর কামিশপুর থানা বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বাসন থানা বিএনপির সভাপতি বসির আহমেদ বাচ্চু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব সাইফুল ইসলাম টুটুল, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, এজিএস সাজেদুল ইসলাম, মজিবুর রহমান, আবুল হোসেন, আতাউর রহমান আতিক, নাজমুল খন্দকার সুমন, কাজী কামরুল, শেখ মো: সুমন প্রমুখ।