নোয়াখালী সদরে পারিবারিক কলহে সৎমায়ের সাথে কথাকাটির জেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এক যুবক। এতে পেট্রোলের আগুনে দগ্ধ হয়েছে পাঁচজন। এদের তিনজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অপরদিকে, আহত আরো দুইজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার বিকেলে উপজেলার রাম হরিতালুক গ্রামে এই ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন, অগ্নিসংযোগকারী কামাল উদ্দিন, তার সৎমা আসমা বেগম, প্রতিবেশি তারেক, সুমন ও মান্না।

জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর আসমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন রাম হরিতালুক গ্রামের ইসমাইল হোসেন। দ্বিতীয় স্ত্রীর সাথে ইসমাইলের প্রথম স্ত্রীর ছেলে-মেয়েদের বনিবনা না হওয়ায় কিছুদিন আগে তারা বাড়ি ছেড়ে চলে যায়। সোমবার ইসমাইলের বড় ছেলে কামাল উদ্দিন ওই বাড়িতে গেলে সৎমায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের একটি কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন কামাল। এ সময় কামালসহ কক্ষে থাকা তার সৎমা ও প্রতিবেশিরা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আসমা, কামাল ও তারেককে ঢাকায় স্থানান্তর করা হয়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অগ্নিসংযোগকারী কামালের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।