বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি ও তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন বলেছেন, বিশ্বশান্তির দূত, আখেরি নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে ফ্রান্স মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। রাসূলের অবমাননা মুসলিম উম্মাহ কোনো অবস্থাতেই বরদাশত করবে না। ফ্রান্সের সরকার প্রধানসহ তাদের জনগণকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাদের পণ্যসহ সব ধরনের সম্পর্ক বর্জন করতে হবে।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে গতকাল সোমবার এক প্রতিবাদ সমাবেশ ও আলিম প্রথম বর্ষের সাধারণ বিভাগের ‘গ’ শাখার ছাত্রদের উদ্বুদ্ধকরণ ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা নূরুল হকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাওলানা মাহতাব উদ্দিন, মাওলানা সাঈদুল ইসলাম, প্রভাষক মাসুম বিল্লাহ প্রমুখ।
মাওলানা যাইনুল আবেদীন আরো বলেন, রাসূল সা: মানবজাতির সর্বশেষ আদর্শ হিসেবে আবির্ভূত হয়েছেন। কেউ রাসূল সা:কে মহব্বত না করলে সে ঈমানদার হবে না। যারা ইসলাম ও রাসূল সা:-এর বিরুদ্ধাচরণ করেন তারা না বুঝে করেন। তিনি বলেন, ফ্রান্স মুসলমানদেরকে উসকে দিয়ে জঙ্গি অপবাদ দেয়ার সুযোগ খুঁজছে। ইসলামবিরোধী শক্তি জিহাদ ও জঙ্গিবাদকে পার্থক্য করে দেখে না। তাই খোদাদ্রোহী শক্তির উসকানিতে প্রতিবাদের এমন কোন উগ্র পন্থা অবলম্বন করা যাবে না; যাতে তারা মুসলমানদেরকে জঙ্গি বলার সুযোগ পায়।
উল্লেখ্য, করোনাকালেও টঙ্গী তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসায় সর্বোচ্চ সংখ্যক ছাত্র ভর্তি হয়। এবার ভর্তিকৃত ১৫৭০ জনের মধ্যে সাধারণ বিভাগে ৯৯০ ও বিজ্ঞান বিভাগে ৫৮০ জন ভর্তি হয়েছে। প্রথমে গত ৬ অক্টোবর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর বালিকা শাখায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের পর গত ১০, ১৪, ২৪ অক্টোবর ও গতকাল সোমবার পঞ্চম ধাপে ছাত্রদের এ উদ্বুদ্ধকরণ ক্লাস অনুষ্ঠিত হলো।



