নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ভিকটিমের মা বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
সোমবার উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে রাফির (১৮) ঘরে একই বাড়ির ওই শিশু অন্য শিশুদের সাথে খেলতে যায়। এ সুযোগে রাফি অন্য শিশুদের ঘর থেকে বের করে দিয়ে ভিকটিম শিশুকে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে রাফি পালিয়ে যান। এ ব্যাপারে ভিকটিমের মা মামলা দায়ের করলে পুলিশ ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।



