বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার নির্বাচনে অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সভাপতি ও অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর এই প্রথম সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন হলো। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ৪৬২ জন ভোটারের মধ্যে ৪০৮ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন সাবেক জিপি ও গাজীপুর বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: সোলাইমান দর্জি। তার সাথে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাবেক পিপি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক ও গাজীপুর বারের সহসভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সরদার। ভোট গণনা শেষে রাত ৯টায় দ্বিবার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। এ সময় সম্মেলনের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: সোলাইমান দর্জি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মো: ফজলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য দেন।
নির্বাচনে অ্যাডভোকেট মিজানুর রহমান সিনিয়র সহসভাপতি, অ্যাডভোকেট নাছির উদ্দিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট আবু তাহের নয়ন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।



