খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস উল্টে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর তাদের খাগড়াছড়ি জেলা সদর ও মাটিরাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫৪ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় নজরুল ট্রাভেলসের একটি বাস। বাসটি মাটিরাঙ্গার সাপমারা পুলিশচেকপোস্ট অতিক্রম করে পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একটি বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের সাথে আটকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও গাড়িতে থাকা অধিকাংশ পর্যটক মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করেছে।

ওই বাসের এক পর্যটক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদী বলেন, ছুটি ট্যুরিজমের সাথে ঢাকা থেকে আমরা ৫৪ জন সাজেক ভ্রমণে এসেছিলাম। সোমবার রাতে সাজেকে রাত্রিযাপন শেষে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করে মঙ্গলবার রাতে আমরা খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরছিলাম।
আমাদের বহনকারী বাসটি খাগড়াছড়ি শহর থেকে ছেড়ে কিছুদূর আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বৈদ্যুতিক পিলারের কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। আহতদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানান তিনি।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মুহাম্মদ আলী জানান, সাজেক থেকে ঢাকায় ফেরার সময় ৩০ জন পর্যটক গুরুতর আহত হয়। তারপর পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।