পটুয়াখালীর দুমকিতে নিখোঁজের একদিন পর অটোবাইক চালক আনোয়ার হাওলাদারের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাংগাশিয়া-পুকুরজানা বাজার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার রাতে চোরাই অটোবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।

নিহত অটোচালক আনোয়ারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার পার-কার্ত্তিকপাশা গ্রামে। তার বাবার নাম মৃত লালু হওলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সির বাজার সংলগ্ন এলাকা থেকে সোমবার বিকেলে অটোবাইকসহ চালক আনোয়ার হাওলাদার (৫০) নিখোঁজ হন। কিন্তু সম্ভাব্য সকল স্ট্যান্ড ও বিভিন্ন রুটে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলে না। এদিকে সোমবার রাতে গলাচিপার হরিদেবপুর ফেরীঘাটে চোরাই আটোবাইকসহ চোরচক্রের দু’সদস্য রবিউল (২১) ও রাজিব (২০) পুলিশের হাতে আটক হন। জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার দিনভর পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্নস্থানে
নিখোঁজ আনোয়ার হাওলাদারকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। পরে বুধবার সকালে রাস্তার পাশে ফেলে রাখা গলাকাটা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের স্বজনের লাশ শনাক্তের পর আনোয়ারকে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দুমকি থানায় একটি অটোবাইক চুরি ও হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।