মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সকালে তার বাসভবন থেকে লাশ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। এ সময় দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে তার লাশ মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে নেয়ার পর সেখানে গার্ড অব অনার দেয়া হয়। সেখানেই তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি সদর উপজেলার ঘোগাদহে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল মতিন, জেলা প্রশাসক মো: রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, চিলমারী উপজেলা চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী, বীরপ্রতিক আব্দুল হাইসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল মুক্তিযুদ্ধের আগে তৎকালীন কুড়িগ্রাম মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার পাশাপাশি ৬নং সেক্টরে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন।