কুড়িগ্রামের রাজারহাটে এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে সাতটি গরু আগুনে পুড়ে মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে বাবলু মিয়ার গোয়ালঘরে ৩ নভেম্বর মঙ্গলবার রাতে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আগুনে পুরো ঘর জ্বলে যায়। এতে গোয়ালঘরে থাকা ৯টি গরুর মধ্যে সাতটি গরু মারা যায়। অন্য দু’টি গরুর অবস্থাও আশঙ্কাজনক। পরে খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। স্থানীয়রা মনে করছেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে মনে করছেন গরুর মালিক বাবলু মিয়া।