গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিজাম উদ্দিন (৪২) নমে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌণে ৮টার দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজাম উদ্দিন ফেনী সদর থানার দেবীপুর এলাকার ফজলে রহমানের ছেলে। তার কয়েদি নং-৪৬৪৩/এ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো: শফিকুল ইসলাম জানান, ২০০৮ সালে হত্যামামলায় ফেনীর আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিজাম উদ্দিন। পরে উচ্চ আদালতে আপিল করলে মৃত্যুদণ্ডের পরিবর্তে তার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। ২০১২ সাল থেকে নিজাম উদ্দিন এ কারাগারে বন্দি ছিলেন।

শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন নিজাম উদ্দিন। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌণে ৮টার দিকে নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।