পাবনার আতাইকুলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত গোলাপ প্রামাণিক (৪২) নামের এক ব্যক্তি শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। নিহত গোলাপ ওই গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, জয়কৃষ্ণপুর গ্রামের গোলাপ প্রামাণিকের সাথে একই এলাকার শাহাদৎ আলীর দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে শাহাদৎ তার দলবল নিয়ে গোলাপ প্রামানিকের বাড়িতে হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে গোলাপকে কুপিয়ে গুরুতর আহত করেন। এসময় ভুক্তভোগীর বাবা, ছোট ভাই শুকুর প্রামাণিকসহ ছয়জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় গোলাপ প্রামাণিকের মৃত্যু হয়।
আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে আতাইকুলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



